মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, ‘এই করোনা দুর্যোগে আমার নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকলে আমিও খাবো না।’ গতকাল শনিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহামুদ কান্দায় মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা দুর্যোগে সব কর্মহীন অসহায়দের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার বিষয় নিশ্চিত করতে সচেষ্ট আছেন। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) করোনা দুর্যোগ শুরু হওয়ার পরপরই প্রায় ১৫ হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। রমজান উপলক্ষে ২য় দফায় আরো ১৫ হাজার কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছি। যা সকাল ১১টায় পিরোজপুর সদরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা কর্মহীন মানুষের ঘরে ঘরে এ সব ত্রান সামগ্রী পৌঁছে দিবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ। মন্ত্রী শ ম রেজাউল করিম এ সময় পিরোজপুরের ধনাঢ্য লোকদের অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।










