ইউরোপের ঘরোয়া লিগগুলোয় একই সঙ্গে চলছে শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করার লড়াই। রোববার লিভারপুলের সঙ্গে ড্র করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট অনিশ্চিত হয়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। অন্যদিকে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আছে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার মিশনে। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার শিরোপা ফেভারিট স্প্যানিশ গ্রেট ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যদিও এ দুটি দলের একটিকে সেমিফাইনালের আগেই বিদায় হতে হবে। এ নিয়ে টানা তিন মৌসুম ধরে নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্পেনের প্রতিনিধিরা। আজ আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও জার্মানির বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের এ খেলা আর্সেনাল মাঠ এমিরেটসে।