এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে কুষ্টিয়ার একটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ভুলক্রমে দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে প্রশ্নফাঁসের অভিযোগে কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সালাহ উদ্দিন, চারজন শিক্ষক ও এক ট্যাগ অফিসারকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরে গতকাল নতুন প্রশ্নপত্রে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঘটনার পরদিন গত শুক্রবার যশোর বোর্ডের তিন কর্মকর্তা ও জেলা প্রশাসনের প্রতিনিধি সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। তারা গাফিলতির প্রমাণ পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোছাম্মৎ আসমা বেগম বলেন, কুষ্টিয়ার ওই কেন্দ্রের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে সমগ্র বোর্ডে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।