আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার ১১–দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেয়ার বিষয়টি ১১–দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।
এ ছাড়া জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১–দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দেবে কিনা সে বিষয়ে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্য জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বণিক বার্তাকে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল প্রার্থী দেবে কিনা সেটা নিয়ে আমরা আজ বসব। যেহেতু একটি পদ, আমরা একজন প্রার্থী ঘোষণা করব। এরই মধ্যে একজন প্রার্থী আমরা চূড়ান্ত করেছি। নাম এখনই প্রকাশ করছি না।










