সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি, হেফাজতে ইসলাম ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

তার মৃত্যুতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অধ্যায়।

শোকবার্তায় এবি পার্টির দুই নেতা বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণকালে তার নেতৃত্ব আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল; আমরা তার শূন্যতা গভীরভাবে অনুভব করবো। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সন্তানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক শোকবার্তায় বলেন, ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে বেগম জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থান ও ভূমিকা সবসময় জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে। মৃত্যুর আগে তিনি পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন।