নেত্রকোনার পূর্বধলার জারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ২৭২ নম্বর ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে পূর্বধলার জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেল গেটে পৌঁছালে ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়।পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।










