পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্যরা, সরকারি আমলা, রাজনীতিবিদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জামাতে অংশ নেন। প্যান্ডেলের ভেতরে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহে। ময়দান পূর্ণ হয়ে গেলে অনেকে বাইরেও রাজপথেও নামাজে অংশ নেন।
জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।
ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।
পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে তিনটি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে ঢুকেন মুসল্লিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি ছিল। জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।










