সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হবে।

গতকাল দুপুরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন যশোর কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি কালো আইন। এ আইনের ৯৮ ও ১০৫ নং ধারাসহ আমাদের সুপারিশকৃত অন্যান্য ধারা সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে আগের মতো বহাল রাখতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে আরো রয়েছে মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ পুরনো যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি, মহাসড়কে তিন চাকার যানবাহনসহ (অটো-টেম্পো, অটোরিকশা) বিআরটিএর অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ লতিফ, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।