টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ির চাপায় ইসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিল। একপর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়ির চাপায় পিষ্ট হয় ইসরাত। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পরপরই অটোচালক আসাদুল পলাতক রয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। তারা অভিযোগ করেন, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।