সংবিধানে ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মকে সমমর্যাদা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখেন। সব ধর্মের মানুষ সমান। সম্প্রীতির বান্দরবানের মানুষরা পরস্পরের উৎসবে সানন্দে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।

এ সময় বিশৃঙ্খলাকারী দুষ্টু চক্রের বিরুদ্ধে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোরও আহ্বান জানান মন্ত্রী।

গতকাল মঙ্গলবার সকালে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ডিও পত্র (চাউল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী। বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনের ওই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও সামাজিক সংগঠনের নেতাদের হাতে ডিও পত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা।