দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে। বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলে পৌঁছায়।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধিরা এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই দিন রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় হোটেল শিলা সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে দুটি প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ৬ নভেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি অধিবেশন হবে। এসব অধিবেশনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরা ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করবেন তারা।
এছাড়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা এবং একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও আলোচনা হবে। আগামী ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।










