কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জরুরি মেরামতের জন্য উড়োজাহাজটি ‘গ্রাউন্ডেড’ ঘোষণা করা হলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার টরন্টো থেকে ঢাকায় ফেরার সময় ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে ফ্লাইট বিজি-৩০৬ উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় বিজি-৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

সংস্থাটি আরো জানিয়েছে, ত্রুটির সম্মুখিন হওয়া উড়োজাহাজের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে টরন্টোগামী বিজি-৩০৫ এর নতুন উড্ডয়নের সময় শনিবার দুপুর ১টায় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

জানা গেছে, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে টরন্টো থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কারিগরি পরীক্ষা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ত্রুটি দূর করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড ঘোষণা করতে বাধ্য হন পাইলট।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, বিমানটি রানওয়েতে থাকা অবস্থায় প্রায় আট ঘণ্টা তাদের বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। পরবর্তীতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তাদের স্থানীয় হোটেলে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।