সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ চাপায় মৃত্যু হয়েছে মা ও শিশু সন্তানের। এ সময় আহত হন এক ভ্যান চালক। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালার খলিলুর রহমানের স্ত্রী করুণা খাতুন ও তাদের ছেলে তরিকুল ইসলাম (৪)। আহত ভ্যান চালক আব্দুল জলিল (৫০) একই এলাকার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে তরিকুলকে নিয়ে করুণা খাতুন কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু।

নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে এর চালক আব্দুল জলিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

পিকআপটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও বলে জানান ওসি বদরুল কবির।