ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ভোটাধিকার প্রয়োগ করলেন জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত দুই প্রার্থী। আজ সকাল সাড়ে ৮টার দিকে জামায়াত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং ৯টার দিকে বিএনপি মনোনীত নাজমুল মোস্তফা আমিন নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শাহজাহান চৌধুরী। অন্যদিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নাজমুল মোস্তফা আমিন।
জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। জনগণ পরিবর্তন ও ন্যায়ের পক্ষে রায় দেবে এটাই আমাদের প্রত্যাশা। তাছাড়া নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করছি।’
ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘জনগণের রায় যেটাই হোক, আমরা তা মেনে নেব। জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারাই ক্ষমতায় যাবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। ভোটের সার্বিক পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।’
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ২৫৯। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।















