অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। গতকাল দোহার বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান তাকে স্বাগত জানান। উপদেষ্টা দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রমের খোঁজখবর নেন। সেখানে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।