স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান কর্মসূচির বিষয়টি বণিক বার্তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, সেখানে কর্তৃপক্ষ আদতে সংস্কার কমিটি গঠন করে হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস করেছে। কর্তৃপক্ষের এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

ওই শিক্ষার্থী বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এটিকেও প্রত্যাখ্যান করছে। আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।