বিভিন্ন বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসরকারি বিশ্ববিদ্যালয়টির রিসিপশন ও ওরিয়েন্টেশন সামার-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল জব্বার খাঁন।

 

প্রধান অতিথি প্রফেসর ড. মো. আব্দুল জব্বার খাঁন শিক্ষার্থীদের সংবিধান অনুযায়ী চলার কথা বলেন। তিনি তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় অনুধাবনসহ সংবিধানকে লালন করা, শিক্ষার্থীদের ইতিহাস থেকে বিচ্যুত না হওয়ার কথা বলে তাদের গবেষণাতে মনোযোগ দিতে বলেন।

 

সভাপতির বক্তব্যে সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু বলেন, রিসিপশন ও ওরিয়েন্টেশনে বক্তারা যা বলেছেন শিক্ষার্থীরা তোমরা তা মেনে চললে অবশ্যই ভালো মানুষ হতে পারবে। তোমাদের বাবা-মা’র আশা পূরণ করতে পারবে।

 

শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করে পড়া-শোনা করে যাওয়ার আহ্বান করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রতিষ্ঠার কথা স্মরণ করে সব শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার কথাও বলেন নজরুল ইসলাম বাবু।

 

এছাড়াও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার, লিভিংটেক্সের সিইও জাকের জাহান শুভ্র এবং প্যাট্রন হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নেয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম উপস্থিত ছিলেন।