কুমিল্লার মনোহরগঞ্জে খেলার সময় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৫) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। তারপরও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।