কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সচিব, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪)-এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
সরকারি চাকরির আইনের ৪৫ ধারা অনুযায়ী কারো চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ না দিয়েই চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।










