বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা। গতকাল দুপুরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলেও প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।
মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণীর ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, ‘২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেয়ার পাশাপাশি কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার ও তার অপসারণ চাই।’
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, ‘শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’
মদিনা মেরিটাইম কোম্পানির স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, ‘শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সঙ্গে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’










