পিরোজপুর কাউখালীতে করোনায় মৃত নারীর মরাদেহে গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ খালেদা খাতুন রেখা।

শুক্রবার রাতে ওই নারীর মরাদেহের সৎকারে কাউকে না পেয়ে ইউএনও নিজেই এগিয়ে আসেন।  

কাউখালী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী জানান, সদর ইউনিয়নের উজিয়াল খান এলাকার বাসিন্দা সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত সুপার ভাইজার মোঃ সোলায়মান হোসেন এর স্ত্রী রেখা সুলতানা(৪৮) করোনা আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় মারা যান। এরপর সন্ধ্যায় তার লাশ বাড়ীতে আনা হয়।

তিনি আরো জানান,স্বজনরা করোনায় মারা যাওয়া রেখা সুলতানার মরাদেহে গোসল করাতে এগিয়ে না আসায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা উজিয়াল খান এলাকার লিলি বেগম ও দক্ষিন বন্দর এলাকার শামীমা আক্তার কে সাথে নিয়ে ঐ নারীকে গোসল করান। এর পরে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে রাত সাড়ে বারোটার দিকে দাফন করা হয়।