ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বলেছেন, বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা বিভাগের সব
পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সঙ্গে বিশেষ
কল্যাণ সভায় বক্তব্য প্রদানকালে আইজিপি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের
আস্থা ও ভালবাসা অর্জন করব, মানুষকে সেবা দিয়ে গর্বিত হব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে
পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর
সক্ষমতা বেড়েছে।
আইজিপি বলেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও
স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী
করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এর আগে আইজিপি নগরীর খালিশপুরে কেএমপির পুলিশ অফিসার্স মেস উদ্বোধন
করেন। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন
উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত ইউনিটগুলোর অফিসারদের সঙ্গে এক মতবিনিময়
সভায় মিলিত হন।
এ সময় আইজিপির সঙ্গে কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা
রেঞ্জের ডিআইজি মঈনুল হক এবং কেএমপি ও খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন।










