রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪০ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে জেনেভা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এছাড়াও পাঁচটি সামুরাই, ১০টি লোহার দা, দুটি চায়নিজ কুড়াল, চারটি পেট্রোল বোমা, ১০টি পেট্রোল বোমা তৈরির জন্য ব্যবহৃত খালি কাঁচের বোতল, ১০টি হান্টার বিয়ার ক্যান, ৩৩টি এসএস পাইপের লাঠি, ১৪টি কাঠের লাঠি, ৩০টি পুরাতন হেলমেট উদ্ধার করে র্যাব।
উদ্ধার করা আলামত সমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।










