নির্বাচনের ফলাফলেও ব্যবসায়ী প্রার্থীদের সাফল্য উল্লেখযোগ্য। বিশেষ করে প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট অন্তত ১৬ জন ব্যবসায়ী সংসদে জায়গা করে নিয়েছেন। তাদের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ সাফল্য উদযাপন করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

নবগঠিত মন্ত্রিসভার তালিকা ও বিজিএমইএর তথ্য পর্যালোচনায় দেখা যায়, তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী তৈরি পোশাক খাতের ব্যবসায় সংশ্লিষ্ট। আর অতিসম্প্রতি দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদেও নিয়োগ পেয়েছেন পোশাক শিল্প খাতের একজন ব্যবসায়ী। তিনি অবশ্য আরো কয়েকটি খাতের ব্যবসা ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গত ২৫ ফেব্রুয়ারি গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত হিসাববিদ (এফসিএমএ) মো. মোস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জে অবস্থিত হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও বিজিএমইএর তথ্যে দেখা যায়, হেরা সোয়েটার্স লিমিটেড সোয়েটার ও নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় নির্বাচন ও পরবর্তী ঘটনাপ্রবাহ দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণের কেন্দ্রে তৈরি পোশাক খাতের প্রভাবকে নতুন মাত্রা দিয়েছে। রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে আগের ধারাবাহিকতায় আবারো সুবিধাজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। সব মিলিয়ে তারা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও নতুন সরকারের মন্ত্রিসভায় বড় সাফল্য নিশ্চিত করেছেন।

পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বিজিএমইএ। গতকাল বিকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজিএমইএ ওই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।

বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ১৬ জন সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, টাঙ্গাইল-৪ আসনের মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, মুন্সিগঞ্জ-১ আসনের মো. আব্দুল্লাহ্, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ ইসলাম, সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, হবিগঞ্জ-৪ আসনের এসএম ফয়সল, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম, চাঁদপুর-৪ আসনের মো. আবদুল হান্নান, নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক, লক্ষ্মীপুর-১ আসনের মো. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ।

পোশাক খাতসংশ্লিষ্ট এ সংসদ সদস্যের মধ্যে তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রীদের মধ্যে রয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

গতকাল বিজিএমইএ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন, মুন্সিগঞ্জ-১ আসনের মো. আব্দুল্লাহ্, টাঙ্গাইল-৪ আসনের মো. লুৎফুর রহমান, কুমিল্লা-৯-এর মো. আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া-৩-এর মো. খালেদ হোসেন মাহবুব, চট্টগ্রাম-৮-এর সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানের শুরুতেই বিজিএমইএ সভাপতি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে মঞ্চে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনায় বিজিএমইএ প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, পোশাক শিল্পের সঙ্গে জড়িত নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের এ খাতের সমস্যা, সংকট ও সীমাবদ্ধতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমাদের আশা থাকবে এসব সমস্যা থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এ শিল্প সম্পর্কে অভিজ্ঞ সংসদ সদস্যরা। এ শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায়ও ভূমিকা রাখবেন বলে আশা করি। আমাদের এ খাতকে এগিয়ে নিতে সবসময় সহযোগিতা করে যাওয়ার অনুরোধ থাকবে।

পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে উল্লেখ করে টাঙ্গাইল-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. লুৎফর রহমান বলেন, ‘আগামী দিনে সব সমস্যার কার্যকর সমাধান করে আমরা বিশ্ববাজারে যেন আরো শক্ত অবস্থান তৈরি করতে পারি। এ শিল্প খাতের সঙ্গে জড়িত নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এটা আমাদের ওপর বড় দায়িত্ব। আমরা নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখব।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পোশাক শিল্পকে বিশ্বব্যাপী আরো বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সেগুলো উত্তরণে আমরা চেষ্টা করে যাব।’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘পোশাক খাত থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা যখন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখন একই সঙ্গে দেশের পোশাক ও বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলোও তুলে ধরবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরো বলেন, ‘পোশাক শিল্পের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির উন্নয়ন। জাতীয় অর্থনীতি এ খাতের ওপর অনেক নির্ভরশীল। তাই সময়োপযোগী, সঠিক ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নে আপনাদের উদ্যোগ অত্যন্ত জরুরি। যাতে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বস্ত্র ও পোশাক শিল্পের সমস্যাগুলোর কার্যকর করতে পারি।’

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) সংগঠনটির সদস্য মুন্নু অ্যাটায়ার্স লিমিটেডের পরিচালক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠানটি শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক। যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রতি মাসে দুই লাখ পিস পোশাক।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজিএমইএতে নিবন্ধিত প্রতিষ্ঠানটি হলো শাবাব ফ্যাব্রিক্স লিমিটেড। শতভাগ কটনভিত্তিক টেরিটাওয়েল বা তোয়ালে উৎপাদনকারী কারখানাটি ভালুকায় অবস্থিত। বার্ষিক উৎপাদন ক্ষমতা কয়েক লাখ ডজন তোয়ালে। এসব পণ্যের রফতানি বাজার মূলত ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরের মালিকানাধীন আরমানা গ্রুপ যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকে। গ্রুপটির আওতাধীন কারখানাগুলোয় মূলত ডেনিম, ওভেন গার্মেন্টস ও অন্যান্য বস্ত্রজাত পণ্য উৎপাদন হয়। রফতানি হয় বিশ্বের ৪০টিরও বেশি দেশে। আরমানা গ্রুপের উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন ইউনিট পোশাক।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্য কারখানাগুলোর মধ্যে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হলো স্প্যারো গ্রুপ। ১৯৮৪ সালে যাত্রা করা স্প্যারো অ্যাপারেলস লিমিটেড পোশাক রফতানি করে ইউরোপ ও আমেরিকাভিত্তিক ব্র্যান্ডগুলোর জন্য।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্রেশ ফ্যাশন ওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত। ইউরোপ, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বিভিন্ন ক্রেতা ও ব্র্যান্ডের কাছে পোশাক রফতানি করে প্রতিষ্ঠানটি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিজিএমইএ সদস্য নর্দান ফ্যাশন লিমিটেডের পরিচালক।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়া সংসদ সদস্যদের মধ্যে টাঙ্গাইল-৪ আসনের মো. লুৎফর রহমান লুফা গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন ক্ল্যাসিক কনসেপ্ট লিমিটেডের চেয়ারম্যান। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। হবিগঞ্জ-৪ আসনের এসএম ফয়সল সায়হাম নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব মাশিহাতা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম চৈতি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। জাফ সোয়েটার অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। লক্ষ্মীপুর-১ আসনের মো. শাহাদাত হোসেন অর্ণব সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মার্ক ফ্যাশনওয়্যার প্রাইভেট লিমিটেড ইউনিট-২-এর ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।