চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তামান্না আক্তার (২৫) ও মোহাম্মদ খলিল। তামান্নার বাড়ি বাগেরহাটে। তিনি ইপিজেডের স্মার্ট জ্যাকেট কারখানায় কাজ করতেন। মোহাম্মদ খলিল এনএইচটি নামের একটি কারখানায় কাজ করতেন। তিনি ইপিজেড এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুই শ্রমিক মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ৫ নম্বর সড়কের মোড়ে একটি পোশাক কারখানার পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজন আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সকাল ৯টার পর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










