বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে মিঠুন (২০) ও লিংকন (২৩) নামে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দোকান মালিক মো. হাসানকে আটক করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার মিঠুন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে ও লিংকন একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে।

ভিডিওতে দেখা যায়, এক যুবককে প্রচণ্ড রোদে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর তার পায়ে রড দিয়ে পেটাচ্ছেন দোকান মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দোকান মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরো কয়েকজন ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করছেন। আর উৎসুক জনতা চারপাশে দাঁড়িয়ে তা উপভোগ করছে।

তবে এ প্রসঙ্গে দোকান মালিক মো. হাসান বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছে। দোকান মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি হাসান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবককে ছেড়ে দেয়া হয়।’