বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১৮ অক্টোবর) সিআইডি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, তাদের সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার মনিটরিং টিম বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারে কিশোরগঞ্জে সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। নিহত সিফাত উল্লাহ (১৯) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলূম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিভিন্ন সংগঠন সিফাত উল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। সিফাত উল্লাহর পরিবার সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগে জানান গত ৬ অক্টোবর শোক কাটতে না কাটতেই প্রতারক চক্র তাদের কাছ থেকে অভিনব কৌশলে ১ লাখ ৫৬ হাজার ১৫০ টকা হাতিয়ে নিয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, চক্রটি অর্থ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা সেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান দেয়ার কথা বলে কল দেয়। তারপর টাকা দেয়ার কথা বলে নিহত পরিবারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায় এবং সুকৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেয়। পরে টাকা দেয়ার সিরিয়াল নাম্বারের কথা বলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে নেয়। ওটিপি নেয়ার পর প্রতারক চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়। সাইবার মনিটরিংয়ের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করে প্রতারক চক্র ও অপরাধের ধরন শনাক্ত করে। সাইবার ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য ক্রয় করে।

সিআইডি জানায়, শুক্রবার সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুর জেলার শিবচর থানাধীন সূর্যনগর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মো. আকাশ ব্যাপারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তারা ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

আজাদ রহমান বলেন, এটিএম কার্ডের পাসওয়ার্ড বা ওটিপি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যা দিয়ে প্রতারক চক্র ব্যাংক অ্যাকাউন্ট থেকে দ্রুত টাকা সরিয়ে ফেলতে সক্ষম। এ জন্য ব্যাংক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ প্রদান করছে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি।