ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছাত্রীটির মা এ ঘটনায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জেলা শহরের স্কুলপড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাদের পূর্বপরিচিত রাব্বি নামের এক যুবক রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে মোবাইল ফোনে কল দিয়ে বাসা থেকে ডেকে এনে মোটরসাইকেলে তুলে নেয়। এরপর
শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিং নামের আবাসিক হোটেলে আটকে ওই ছাত্রীকে ধর্ষণ করে তারা। সোমবার
মেয়েটি থানায় এসে বিষয়টি পুলিকে জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, কথিত প্রেমিক নলছিটি উপজেলার মগড়া ইউনিয়নের মোস্তাকিম রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াঝুড়ি গ্রামের নাসির উদ্দিন মাহাজ উদ্দিনের ছেলে নাছির ও আবাসিক হোটেলের ম্যানেজার কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চান মিয়া।
মেয়েটির মা কথিত প্রেমিক রনি ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মেয়েটির প্রেমিক মোস্তাকিম রনিকেও গ্রেফতার করেছে।
মামলার অভিযোগের বরাত দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানায়, মেয়েটিকে দুজন মিলে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা ও সহায়তা করে।










