নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে অনুষ্ঠিত হলো নাসির সিনটেক্স মোটরসের বাইক প্রদর্শনী। গতকাল রাজধানীর রেডিসন ব্লু-তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশের অটোমোবাইল খাতে নতুনভাবে যাত্রা শুরু করা ‘নাসির সিনটেক্স মোটরস লিমিটেড’ উন্নত প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব টু-হুইলার বাজারে আনতে কাজ করছে।
প্রতিষ্ঠানটি জানায়, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব হ্রাস করার লক্ষ্য নিয়েই তাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা ইঞ্জিনচালিত ও ইলেকট্রিক—দুই ধরনের টু-হুইলার বাজারজাত করছে।
নাসির সিনটেক্স মোটরসের কারখানায় ফরাসি কারিগরি সংযোজনের মাধ্যমে টু-হুইলার প্রস্তুত ও পরীক্ষার কাজ চলছে। ইঞ্জিনচালিত বাইকের জন্য ফ্রান্সের পেজো এবং ইলেকট্রিক বাইকের জন্য চীনের লিমা ব্র্যান্ডকে পার্টনার হিসেবে নেয়া হয়েছে। উভয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ও দেশীয় জনবল নিয়ে কারখানায় দেশের আবহাওয়া ও সড়কপরিবেশ উপযোগী বাইক উৎপাদন শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব শোরুমসহ সারা দেশে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে এসব স্কুটার প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় মূল্যে ক্রয়ের সুযোগও রাখা হয়েছে। অনুষ্ঠানে ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রদর্শনীতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক সুবিধা নিয়ে নাসির সিনটেক্স মোটরস দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস বলেন, ইলেকট্রিক বাইক চার্জ দেয়ার ঝামেলা কম। মোবাইল ফোনের মতোই বাসায় চার্জ দিলে পরদিন চালানো যাবে। পুরোপুরি চার্জে দুদিন চালানো সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, উদ্যোগটি পরিবেশবান্ধব হওয়ায় জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, লিমার সহযোগিতায় কাজ শুরু হলেও ভবিষ্যতে দেশেই এমন মানের প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতা রয়েছে। সরকারি দপ্তরে লালফিতার দৌরাত্ম্য কমাতে পারলে বেসরকারি উদ্যোক্তারা অর্থনীতিতে আরো বড় অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীরসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।









