ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের  করা মামলায় আলমগীর হোসেন নামের এক এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এসআই আলমগীর হোসেন কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলা সদরে।   বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এ মামলা করেন।  

গতকাল দুপুরে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশ ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে এসআই আলমগীরকে গ্রেফতার করে বলে জানান কাঁঠালিয়া থানার ওসি মে. মুরাদ আলী। 

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী নারী দুই পুত্র সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। তার স্বামী ব্যবসার প্রয়োজনে চট্টগ্রামে থাকেন। পাশের গ্রামে বোনের বাড়িতে যাওয়া-আসার সুবাধে তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। গত ৩ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গিয়ে আলমগীর তাকে মারধরের পর  ধর্ষণ করেন।

ওসি মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি এসআই আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।