ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টায় ওই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে ইসলামাবাদ এলাকায় বাসের দরজায় থাকা হেলপার ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।










