পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে মানসম্মত শিক্ষা, উপজেলা পর্যায়ে হাই স্কুল, কলেজ গড়ে তোলাসহ সব ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি থানচির মতো দুর্গম এলাকায় গিয়েছেন, স্কুল দেখেছেন। বেসরকারি স্কুল সরকারীকরণ করেছেন, স্কুল ভবন করে দিয়েছেন। থানচিতে হাসপাতাল হলো, বিদ্যুৎ গেল, ফায়ার সার্ভিস গেল। বর্তমানে বান্দরবানে ১৪টি কলেজের মধ্যে অধিকাংশই সরকারীকরণের পর্যায়ে রয়েছে। বেসরকারিভাবে বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

গতকাল সকালে অরুণ সারকি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাচউবোর ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. নুরুল আলম। বিশিষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা. মো. শেখ ছাদেক, প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ প্রমুখ।