খ্যাতনামা মার্কিন সাময়িকী ‘টাইম’-এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাময়িকীটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
‘টাইম’-এর ওয়েবসাইটে তারেক রহমানের বিষয়ে বলা হয়েছে, মাত্র কয়েক মাস আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে তিনি বিরোধী দলের শীর্ষ নেতা থেকে অপেক্ষমাণ জাতীয় নেতায় পরিণত হন। ১৭ বছর নির্বাসিত থাকার পর গত ফেব্রুয়ারির নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন ৫৭ বছর বয়সী এ রাজনীতিবিদ।
ম্যাগাজিনটি আরো জানায়, বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করলেন, যিনি তারেক রহমানের ঢাকা ফেরার মাত্র পাঁচদিন পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের জানুয়ারিতে যখন তারেক রহমান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বসেন, তখনো বেশ শোকার্ত ছিলেন তিনি। তবে সেই শোককে সাড়ে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করার শক্তিতে রূপান্তর করার এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবারও সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশ বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতি এবং তরুণ প্রজন্মের বেকারত্বে জর্জরিত, পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এক ঐতিহাসিক সংকটকাল চলছে। এই সবকিছুরই দ্রুত প্রতিকার প্রয়োজন।










