সিরাজগেঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন। আজ শনিবার দুপুরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শনিবার দুপুরের দিকে খালকুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো বেশ কয়েকজন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় আপাতত জানা যায়নি।










