ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে সামাদ সর্দার নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

মৃতের স্বজনেরা জানান, রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ১০-১২ জন সংঘবদ্ধভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে।

মৃতের ভাই অটোরিকশা চালক লালন শেখ জানান, সামাদ পেশায় ফেরিওয়ালা। গতকাল রাতে গুচ্ছগ্রামে একটি ঘরের চাবি বুঝে নিতে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে এলাকার খামিনারবাগ গ্রামের রাস্তায় পৌঁছলে স্থানীয় জাফর, ইলিয়াছসহ ১০-১২ জন তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর মামলা দায়েরের প্রস্ততি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।