দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে রয়েছে ১৬১টি উপজেলা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। গতকাল এ বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে। প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।

দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও বিএনপি পরে নির্দলীয় উপজেলা ভোটে অংশ নিয়েছিল। ১০ বছর ধরে উপজেলা ভোটে দলীয় প্রার্থী দেয়নি দলটি। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করার পর এবার স্থানীয় নির্বাচনেও অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছে দলটি। 

আইনে দলীয় প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না দেয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধি সংশোধন করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ সহজ করেছে। এত দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে ২৫০ জন ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের যে তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো, এবার তা দিতে হবে না। সেই সঙ্গে সাদা-কালোর সঙ্গে রঙিন পোস্টারও ছাপাতে পারবেন প্রার্থীরা। প্রচারের জন্য বাড়তি সময়ও পাচ্ছেন তারা। 

তবে জামানতের পরিমাণ বেড়েছে এবার। চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৭৫ হাজার টাকা। অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রতীক বরাদ্দের পরে প্রচার হবে। তবে তার আগে অনলাইনে ও পাঁচজন মিলে প্রচার করতে পারবে।’

১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয়টি ধাপে ও ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। প্রথম চারটি উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধন হওয়ায় ২০১৭ সালের মার্চে মেয়াদোত্তীর্ণ তিনটি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল। পরে ২০১৯ সালে দলীয় প্রতীকে পূর্ণাঙ্গ নির্বাচন হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯৫টি। চার ধাপে নির্বাচন উপযোগী ৪৮৫টিতে ভোট হবে, পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোট হবে।