নরসিংদীর মেঘনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে হানিফ মিয়া (৬০) নামে একজন নিহত ও নাহিদ মিয়া নামে দুই বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন। সোমবার রাতে সদর উপজেলার করিমপুর ও শ্রীনগরের মাঝামাঝি মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়কান্দি এলাকার মৃত সুরুজ মৌলভীর ছেলে।
আহতরা হলেন হানিফ মিয়ার ছেলের বউ সানজিদা আক্তার (২৭) ও ইমা (২৪), ভাতিজা
দুলাল মিয়া (৩০) এবং বেয়াই মোসেন মিয়া (৩২)। নিখোঁজ শিশু নাহিদ নরসিংদীর ফারুক মিয়ার ছেলে।
করিমপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহবুব আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করলেও মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারেননি।
নৌপুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় নরসিংদী ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার মরিচা ঘাটের দিকে যাচ্ছিল আরেকটি স্পিডবোট। চম্পকনগর এলাকায় ওই দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বোটের চারজন আহত ও একজন নিহত হয়। এ সময় বোট থেকে ছিটকে পড়ে এক শিশু নিখোঁজ হয়।
নরসিংদীর করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন, খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। একজন নিহত হয়েছে বলে শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা যাবে। নিখোঁজ শিশুকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।










