খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার রওশন আলীর মেয়ে। দাদীর কুলখানী শেষে স্বামী আব্দুল্লাহ ও তাদের এক বছর বয়সী কন্যা সন্তান নিয়ে নোয়াখালীতে শ্বশুরবাড়ি ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, স্বামী সন্তানসহ রুমা তিন চাকার মাহিন্দ্রযোগে মাটিরাঙ্গা যাচ্ছিলেন। আমবাগান এলাকায় পৌঁছাতে একটি পাথর বোঝাই ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়েন ওই নারী। এ সময় ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯ নম্বরধারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ রুমা।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। চাপা দেয়া ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।










