ঈদের ছুটিতে রাজধানী থেকে বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে করে বাড়ি ফিরছে মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এবার গত বছরগুলোর তুলনায় ভিন্ন চিত্র লক্ষ করা যাচ্ছে। প্রতিবার এখানে এ সময় যানজটের ফলে চালক ও যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হতো। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তবে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নেই যানবাহনের ধীরগতি বা যানজট।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে দায়িত্ব পালন করছেন আট শতাধিক পুলিশ সদস্য। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর জানান, এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। ফলে বৃহস্পতিবার ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও বিকেল পর্যন্ত ওই এলাকায় কোথাও কোনো যানজট ছিল না।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাত থেকেই গাড়ির চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কড্ডা ও ঝাঐল ওভার ব্রিজসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে গাড়ির গতি কমিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজটের সৃষ্টি হয়নি।