অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো। তারা যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে, আগাম নির্বাচনের দাবি তত জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরো বেশি সন্দেহ দেখা দেবে। আর রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্যভাবে অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, এতে সামরিক শাসনামলের সূচনা হবে।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতার প্রথম ১০০ দিনে গৃহীত সংস্কার ও অন্যান্য বিষয়কে মূল্যায়ন করে ‘এ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অব রিফর্ম’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরো উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা। এ সরকারের অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো উচিত এবং নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশের বাইরের পক্ষগুলোর উচিত সহায়তার হাত বাড়ানো; ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করা।
বেশি দিন ক্ষমতায় থাকলে সরকারের বৈধতা নিয়ে সন্দেহ বাড়ার আশঙ্কা করে প্রতিবেদনে বলো হয়, অন্তবর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে, আগাম নির্বাচনের দাবি তত জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরো বেশি সন্দেহ দেখা দেবে। ইউনুস সমাজের দুর্বল গোষ্ঠীগুলোকে আঘাত করতে পারে এমন অর্থনৈতিক সংস্কার এবং হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি কতটুকু করবেন- এমন বিষয়সহ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। অনেক বাংলাদেশী আওয়ামী লীগের নিপীড়নের প্রতিশোধ নিতে চান, যে প্ররোচনা ইউনূস সঠিকভাবেই প্রশ্রয় দিতে আগ্রহী নন।
রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপেরও আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়, ইউনূসের টিম লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা সফল হতে পারবে যদিও তা স্পষ্ট নয়, বিকল্পগুলো সুখকর নয় বলেই মনে হচ্ছে। একটি আগাম নির্বাচন সম্ভবত ক্ষমতা কিছুটা কাটছাঁট করে বিএনপিকে ক্ষমতায় আনবে; দলটির অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে অনেকেরই সংশয়, আওয়ামী লীগের চেয়ে তারা তেমন ভালো কিছু করে দেখাতে পারবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্যভাবে অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, এতে সামরিক শাসনামলের সূচনা হবে।
* প্রতিবেদনটির বিস্তারিত পরবর্তীতে প্রকাশ করা হবে










