দেশ সংস্কারের বিষয়ে পুরো জাতি একমত হলেও সংস্কারের পথে আমলা ও রাজনৈতিক শক্তি সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেনি রাজনৈতিক শক্তি ও আমলারা। গণমাধ্যম ও নাগরিক সমাজেও এ ধরনের শক্তি রয়েছে বলে অভিমত তার।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধনে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান । নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংস্কারে যারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হলো রাজনৈতিক শক্তি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক অধ্যাদেশ (আইন) জারি করার সময়ও প্রাথমিকভাবে যে প্রবল প্রতিরোধ দেখা গিয়েছিল, তার উৎস ছিল প্রতিশ্রুতি ও সংকল্পের অভাব।










