রাজশাহী নগরীতে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের দুজন সিইও গ্রেফতার হয়েছেন। আলাদা অভিযানে মঙ্গলবার বিকালে জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেফতার অভিযানের আদ্যপান্ত জানান রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
গ্রেফতারকৃতরা হলেন মোহনপুরে বিষহারা গ্রামের দিজেন্দ্রনাথ সাহার ছেলে দিপেন্দ্রনাথ সাহা (৪৩) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে লতিফুর বারী (৪২)। এর মধ্যে দিপেন্দ্রনাথ মোহনপুর উপজেলার খালমগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। দুজনেই এমটিএফইর সিইও ছিলেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএমপি কমিশনার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিরা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি, খুব দ্রুত তাদের পেয়ে যাব।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুবাই থেকে পরিচালিত কানাডাভিত্তিক এমটিএফই অ্যাপের ফাঁদে ফেলে সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। হাজার হাজার যুবক তাদের জমানো টাকা হারিয়ে হয়েছেন দিশাহারা। আলোচিত বিষয়টি নিয়ে সম্প্রতি এমটিএফই অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
সংবাদটি আলোচিত হলে গত ২৩ জুলাই রাজশাহীর জজ কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানা পুলিশ, সিআইডি ও পিবিআইকে নির্দেশ দেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ঘটনার সত্যতা পেয়ে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। কিন্তু গ্রেফতার এড়াতে প্রতারকরা গা-ঢাকা দেন। রাজপাড়া থানা পুলিশের নেতৃত্বে মঙ্গলবার জেলার মোহনপুরে অভিযান চালায় সিআইডি ও পিবিআই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম প্রমুখ।










