ঝালকাঠিতে ইটভাটায় কাজ করার সময় মাটিচাপা পড়ে সুকুমার মণ্ডল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নলছিটি শহরতলীর খোজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খোজাখালী এলাকার একটি ইটভাটায় এক বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন সুকুমার। আজ সকালে টিলা থেকে মাটি কাটার সময় হঠাৎ চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।