নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। হতাহতরা সবাই প্রাইভেটকারের আরোহী।
আজ শুক্রবার বেলা ৪টার দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মহাসড়কের জঙ্গুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক দেলোয়ার এখবর নিশ্চিত করে জানান, প্রাইভেট কারটির চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার দিকে মহাসড়কের জঙ্গুয়া এলাকা অতিক্রম করার সময় আল মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেল প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি কেটে চারজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা আহত প্রাইভেট কারের এক নারী যাত্রীকে উদ্ধার করে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিতে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন।










