মাটি পাচারকারীদের ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় খুন হওয়া বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের (৩০) বড় ভাই মো. কামরুজ্জামান বলেছেন, ‘এলাকার সবাই জানেন কারা আমার ভাইকে হত্যা করেছে, তার পরও আসামিরা অ্যারেস্ট হচ্ছে না কেন? এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি ভাইয়ের লাশ দেখেছি। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ভাইয়ের স্ত্রী ও মেয়ের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। অন্য কোনো ঘটনা সামনে আসায় ভাইয়ের হত্যার ঘটনা যাতে চাপা পড়ে না যায়।’
গতকাল বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে আয়োজিত সমাবেশে ‘বন কর্মকর্তার হত্যার বিচার, বন ও পাহাড়খেকোদের গ্রেফতার এবং বন-পাহাড় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার’ দাবিতে নাগরিক সমাবেশে কামরুজ্জামান এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘সাজ্জাদুজ্জামানকে হত্যা করা হয়েছে, এ হত্যার বিচার চাই। অজ্ঞাতনামা নয়, ১০ জন আসামির নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা হয়েছে। এ আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।’










