বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শিক্ষাব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে জাতিকে অন্ধ করার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন আরো বলেন, বিগত ১৫ বছরে তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট। যদি শিক্ষা ধ্বংস করা যায়, তবে জাতিকেও ধ্বংস করা যাবে। কারণ তখন মানুষ যুক্তি দিয়ে কথা বলতে পারবে না, ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝবে না, প্রতিবাদও করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক তার আত্মা’ বলে উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। যে দেশ শিক্ষায় উন্নত হতে পারেনি এবং ভালো শিক্ষক ও ছাত্র তৈরি করতে পারেনি, সে দেশ কখনোই এগিয়ে যেতে পারেনি।
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকার সবসময় চায় মানুষ যেন অন্ধ, নির্বাক ও অসচেতন থাকে। তাই তারা শিক্ষাকে ধ্বংস করেছে। এ অবস্থা থেকে বের হতে গণতান্ত্রিক, ন্যায় ও মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আব্দুল মঈন খান বলেন, জার্মানির ইতিহাস আমাদের শেখায়, জ্ঞান, শিক্ষা ও শিক্ষক এ ত্রয়ীই জাতির মূল শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পরও তারা শিক্ষার শক্তিতে ঘুরে দাঁড়িয়েছিল। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি শেষ করার জন্য সময়সীমা ছিল না। সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয়, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে ছাত্ররা শিক্ষক হতে চাইত। এটাই ছিল তাদের জাতীয় দর্শন।










