আগামী ১ মার্চ থেকে ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। উড়োজাহাজ স্বল্পতা ও বহর ব্যবস্থাপনায় চাপের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে এ স্থগিতাদেশ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে এ রুট নিয়ে আলোচনা শুরু হলে বিমান কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটটি বর্তমানে লাভজনক নয়। বিমানের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও হজ রুটে সীমিত সংখ্যক বড় উড়োজাহাজ ব্যবহার করা হয়। ম্যানচেস্টারের মতো দীর্ঘপথে একটি উড়োজাহাজ দীর্ঘ সময় ব্যস্ত থাকায় অন্য রুটে চাপ সৃষ্টি হয়। বিশেষ করে সামনে হজ মৌসুম শুরু হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য এ অপারেশনাল পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে। বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিন মেরামতের জন্য মাঝেমধ্যে এক বা একাধিক বিমান অপারেশনের বাইরে চলে যায়। এতে উড়োজাহাজ সংকট দেখা দেয়। এছাড়া বিশ্বব্যাপী ক্রু সংকটের কারণে দীর্ঘপথের পরিবর্তে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করা এখন বেশি কার্যকর মনে করছে কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ম্যানচেস্টার রুটের যাত্রীদের সম্ভাব্য ভোগান্তি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করেছে। এর মধ্যে চারটি ফ্লাইট সিলেট হয়ে এবং একটি সরাসরি ঢাকা থেকে লন্ডন যাবে। ম্যানচেস্টার রুটের যাত্রীরা চাইলে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তাদের টিকিট ফেরত নিতে পারবেন। এছাড়া লন্ডন হয়ে যাতায়াত বা অন্য সুবিধাজনক তারিখে টিকিট পরিবর্তন করার সুযোগও দেয়া হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য বিমান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বর্তমানে তাদের নতুন উড়োজাহাজ কেনা এবং ক্রু নিয়োগের কাজ চলছে। প্রক্রিয়াটি শেষ হলে ভবিষ্যতে আবারো ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।