সিরাজগঞ্জে আবারো বঙ্গবন্ধু সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে বালিবোঝাই একটি বাল্কহেড ডুবে গিয়েছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে ওঠেন। ঘণ্টাখানেকের মাথায় আরেকটি বাল্কহেড সেতুর অন্য একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।

গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় প্রথম বাল্কহেডটি। পরে সাড়ে ১২টার দিকে ৯ নম্বর পিলারে ধাক্কা লেগে আটকে যায় আরেকটি বাল্কহেড। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে রোববার বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সঙ্গে একটি বালিবোঝাই বাল্কহেড ধাক্কা দিয়ে ডুবে যায়। এ ঘটনায় একজন নিখোঁজ হয়। ঘটনার দুদিন পার হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্কহেড সিরাজগঞ্জ থেকে বালি নিয়ে নারায়ণগঞ্জ ও আটকে থাকা বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালিবোঝাই করে ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।