জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দুজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাটে এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জয়পুরহাট জেলা লকডাউন ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সিভিল সার্জন জানান, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনাভাইরাস পজেটিভ আসে। তিনি বলেন, করোনা টেস্টের জন্য গত কয়েক দিনে জেলা থেকে ১৩৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ওই দু’জনের রিপোর্ট করোনা পজিটিভ।










