দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মিরপুরে নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি বলেন, ‘আমরা শুধু স্মার্টের স্লোগান দিয়ে যাচ্ছি, তবে স্মার্ট হচ্ছি না। স্মার্ট হতে গেলে উপাচার্য থেকে শুরু করে শিক্ষক-কর্মকর্তা সবাইকেই স্মার্ট হতে হবে।’

সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিস্টেম অ্যানালিস্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও মেরিটাইম সেক্টরের ভূমিকা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এজেন্সি টু ইনোভেটের (এটুআই) চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট ড. ফরহাদ জাহিদ শেখ।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন শোকেসিংয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি ও মেরিন ফিশারিজ একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।